সাগরে ট্রলারসহ ২৩ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:৩১ এএম

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘এফবি সাইফুল ইসলাম-৩’ নামের একটি মাছ ধরার ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। অপহরণের পর জলদস্যুরা মোবাইল ফোনের মাধ্যমে ট্রলার মালিকের কাছে মুক্তিপণ দাবি করেছে। গতকাল শনিবার ভোরের দিকে এ অপহরণের ঘটনা ঘটে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃত ট্রলারটির মালিক লক্ষ্মীপুর জেলার মাহফুজ মিয়া। ট্রলারের জেলেদের বাড়িও ওই জেলায় বলে জানা গেছে। অপহৃত জেলেদের মধ্যে আনোয়ার হোসেন, আবুল কালাম, মো. সবুজ, জাকির, মো. জাহের ও বশিরের নাম-পরিচয় জানা গেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি সাইফুল ইসলাম-৩’ ট্রলারে ২৩ জন জেলে গত শুক্রবার রাত থেকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। একপর্যায়ে শনিবার ভোর রাতের দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী ট্রলারটিসহ জেলেদের অপহরণ করে নিয়ে যায়। পরে শনিবার দুপুর ১টার দিকে ট্রলার মালিকের কাছে মোবাইল ফোনে লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। স্থানীয়ভাবে আমরা জেলেদের উদ্ধারের চেষ্টা করছি। কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানানো হয়েছে। তবে কোনো জলদস্যু বাহিনী অপহরণ করেছে তা জানা যায়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম হারুন-অর-রশীদ বলেন, ‘দুপুরের দিকে এ রকমের একটি ঘটনা আমরা শুনেছি। জেলেদের পক্ষ থেকে আমাদের অপহরণের বিষয়টি জানানো হয়েছে। তাৎক্ষণিক ফোর্স নিয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে। জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত