হেইডেনকে কেন কোরআন উপহার দিয়েছিলেন রিজওয়ান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০:১০ পিএম

বেশ কয়েক মাস ধরেই নিয়মিত সংবাদের শিরোনাম হচ্ছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সেটা নিজের দারুণ পারফরম্যান্সসহ নানা কারণেই।

সম্প্রতি যিনি অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনকে পবিত্র কোরআন শরিফ উপহার দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করে ফের সংবাদের শিরোনাম হলেন।

সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক ছিলেন অজি কিংবদন্তি হেইডেন। যাকে টুর্নামেন্ট চলাকালে পবিত্র কোরআন শরিফ উপহার দেন রিজওয়ান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিজওয়ান জানান, আসর চলাকালে তারা যখন জামাতে নামাজ পড়তেন, সেটা মুগ্ধ হয়ে দেখতেন হেইডেন। রিজওয়ানের সেই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।

রিজওয়ান বলেন, ‘আল্লাহ তায়ালা তার হৃদয়ে এমন কৌতূহল সৃষ্টি করেছিলেন যে, তিনি আমার কাছে নামাজের বিষয়ে জানতে চাইতেন।’

ভারতের বিপক্ষে ম্যাচে অজি কিংবদন্তির সঙ্গে তার আলোচনার বিষয় প্রকাশ করেন রিজওয়ান। বলেন, ‘আমি হেইডেনকে বলেছিলাম, যদি ভাগ্যে থাকে তাহলে ম্যাচ আমরাই জিতব। আর আমরা যদি কঠোর পরিশ্রম না করি তাহলে ভারত জিতবে।’

হেইডেনকে পবিত্র কোরআন উপহার দেওয়ার বিষয়ে বলেন, ‘আমি সোজা হেইডেনের রুমে গেলাম। তাকে উপহার হিসেবে দিলাম। ম্যাথু উপহারটি খুব পছন্দ করলেন। আমাদের দায়িত্ব তো যে জিনিস আমরা নিজেদের জন্য পছন্দ করি, অন্যের জন্য সেটিই পছন্দ করা।’

হেইডেনের সাথে নিজের শেষ কথোপকথন নিয়ে রিজওয়ান বলেন, ‘আমি তার সাথে কথা বললে তিনি বলেন, তিনি প্রায়ই কোরআনের অনুবাদ পড়েন।’

সাক্ষাৎকারে রিজওয়ান নিজ দেশের মানুষকে হেইডেনের জন্য দোয়া করার অনুরোধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত