জেনে নিন খুন হওয়া চিত্রনায়িকা শিমু সম্পর্কে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৫:৫২ পিএম

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় সোমবার সকাল ১০টায়। চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান শিমুর মৃত্যু নিয়ে বলেন, তার ভাই সন্ধ্যায় আমার কাছে ছুটে আসে। বলে কাল থেকে শিমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একজন পুলিশ কর্মকর্তাকে ফোন করলাম তথ্যের জন্য। পরে খোকন মিটফোর্ড হাসপাতলে গিয়ে শিমুর মরদেহ শনাক্ত করে আমাকে ফোন করে কাঁদছিল।

এদিকে মঙ্গলবার দুপুরে পুলিশ জানায় পারিবারিক কলহের কারণেই খুন হয়েছেন শিমু। শিমুর স্বামী সাখাওয়াত খুনের দায় স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।

চিত্রনায়িকা শিমুর খুন হওয়ার খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, কে এই চিত্রনায়িকা? খোঁজ নিয়ে জানা যায়, শিল্পী সমিতির শিল্পী তালিকা থেকে বাদ পড়া ১৮৪ জনের একজন হচ্ছেন চিত্রনায়িকা শিমু। করোনার সময় চলচ্চিত্র শিল্পী সমিতির সদসদ্যপদ হারানো ১৮৪ জনের ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে সোচ্চারও ছিলেন তিনি। ছিলেন ভোটাধিকারবঞ্চিত চলচ্চিত্র শিল্পী সমিতির যুগ্ম আহ্বায়ক। ব্যানার, ফেস্টুন নিয়ে এফডিসির সামনের রাস্তায় দাঁড়িয়েছিলেন অন্য সহকর্মীসহ।

তবে শিমু দীর্ঘদিন চলচ্চিত্রের পর্দদায় অনুপস্থিত ছিলেন। শিমুর চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৮ সালে। কাজী হায়াত পরিচালিত ‘বর্তমান’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন শিমু। এরপর কাজী হায়াতের ‘মিনিস্টার’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর শিমু একটানা ছয় বছর পর্যন্ত কাজ করে গেছেন। শিমু সর্বশেষ ২০০৪ সালে ‘জামাই শ্বশুর’ ছবিতে অভিনয় করেন। এরপর তাকে আর চলচ্চিত্রে অভিনয়ে দেখা না গেলেও টিভি নাটকে নিয়মিত অভিনয় করতে দেখা যায়।

শিমু তার ক্যারিয়ারে অনেক প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। সে তালিকায় আছেন চাষী নজরুল ইসলাম, দেলোয়ার জাহান ঝন্টু, এ জে রানা, শরিফুদ্দিন খান, এনায়েত করিম, শবনম পারভীন। সে সময় অনেক সুপারস্টার নায়কের সঙ্গে তাকে জুটি গড়তে দেখা গেছে। এর মধ্যে রয়েছেন চিত্রনায়ক মান্না, রিয়াজ, বাপ্পারাজ, শাকিব খান, অমিত হাসান, জাহিদ হাসান, মোশাররফ করিমসহ অনেক গুণী অভিনয়শিল্পী।

অভিনয় ছাড়ার পর একটি বেসরকারি টেলিভিশনের বিপণন বিভাগে কাজ করার পাশাপাশি একটি প্রোডাকশন হাউস পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্যবসায়ী সাখাওয়াত আলীমের সঙ্গে তার বিয়ে হয় ২০০৪ সালে। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত