অবৈধ সম্পদ অর্জন

বদির বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:২৬ এএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির রিভিশন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতে চলমান মামলাটির বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

খুরশীদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘আবদুর রহমান বদির আইনজীবী রিভিশন মামলা চালাবেন না বলে হাইকোর্টে আবেদন করেন। এতদিন কার্যতালিকায় রেখে এখন চালাবেন না বলায় আমরা আদালতের কাছে বিচারিক আদালতে মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির নির্দেশনা চাই। আদালত আবদুর রহমান বদির আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করার পাশাপাশি বিচার কার্যক্রম যত দ্রুত সম্ভব নিষ্পত্তির নির্দেশ দেয়।’

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ডিসেম্বরে আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদকের চট্টগ্রাম কার্যালয়-২। দীর্ঘদিন স্থগিত থাকার পর ২০১৭ সালে এ মামলার কার্যক্রম ফের সচল হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত