ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ সদরের এক নারী করোনা আক্রান্ত ছিলেন। এ ছাড়া উপসর্গ নিয়ে নেত্রকোনা ও জামালপুর সদরের দুই পুরুষ রোগী মারা গেছেন।
মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের রাবেয়া খাতুন (৬৫), নেত্রকোনা সদরের এনামুল হক (৩৮) ও জামালপুর সদরের দুলাল উদ্দিন (৮০)।
বৃহস্পতিবার সকালে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৮জন এর মধ্যে আইসিইউতে চারজন চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয়জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৪৫টি নমুনা পরীক্ষায় ৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২০.২১।
জেলায় এখন পর্যন্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২২ হাজার ৬৮৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৮৭২ জন।
