এখনো ১৪০ কি.মি. গতিতে বল করতে পারে শোয়েব আখতার: মিসবাহ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০২:৫৬ পিএম

মধ্য চল্লিশ চলছে পাকিস্তানের দুই ক্রিকেট কিংবদন্তি শোয়েব আখতার ও মিসবাহ-উল-হকের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে উভয়ে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হয়।

তবে ফের ব্যাট-বল হাতে দেখা যাবে শোয়েব-মিসবাহকে। লিজেন্ডস লিগ ক্রিকেটে এশিয়া লায়ন্সের হয়ে খেলছেন এই দুই পাকিস্তানি।

বৃহস্পতিবার আসরের উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়া মহারাজাসের মুখোমুখি হবে লায়ন্সরা। শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দলটিকে আজ ম্যাচে মাঠে নেতৃত্ব দেবেন মিসবাহ।

এই ম্যাচে দর্শকদের বিনোদন দিতে পারবেন বলে আশাবাদী তিনি। মিসবাহ বলেন, ‘এই আসরে অনেক কিংবদন্তিকে দেখে ভালো লাগছে। আশা করি, আমরা লোকদের বিনোদন দিতে পারব বলে আশাবাদী।’ 

ইন্ডিয়া মহারাজাস দলটি গঠিত হয়েছে ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে। এই ম্যাচে প্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক ক্রিকেটারদের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন জানালেন মিসবাহ, ‘একজন আরেকজনের বিপক্ষে খেলা সবসময় মজার। হোক এটা লিজেন্ড লিগ। তবে এটা খুবই প্রতিযোগিতামূলক আসর।’

এরপরই সাবেক সতীর্থ শোয়েব আখতারের সম্পর্কে মিসবাহ দিলেন এক মজার তথ্য। জানালেন, এখনো জোরে বল করতে পারেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। তিনি বলেন, ‘সে (শোয়েব আখতার) এখনো ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত