অনশনরতদের দেখার আগ্রহ উপাচার্যের, পদত্যাগের ঘোষণা চান শিক্ষার্থীরা

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০২:২৭ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অনশনরত এবং অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের দেখতে আগ্রহ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

তবে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা ও পদত্যাগের ঘোষণা দিলেই কেবল তিনি আসতে পারেন বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরতরা।

উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে শুক্রবার বেলা ২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষার্থীদের এ আগ্রহের কথা জানালে নিজেদের দাবিতে অনড় থাকার কথা জানিয়ে দেন তারা।

উপাচার্যের বাসভবনের সামনে অনশনরত শিক্ষার্থীরা আরও বলেন, ‘পদত্যাগের ঘোষণা না দিয়ে তিনি কোথাও যেতে চাইলে, আমাদের লাশের ওপর দিয়ে তাকে যেতে হবে।’

শিক্ষার্থীদের সঙ্গে আলাপের পর ফের উপাচার্যের বাসভবনে যান আওয়ামী লীগ নেতা নাদেল। এসময় তার সঙ্গে ছিলেন শাবি ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা।

এদিকে প্রায় একই সময়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ।

অন্যদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত আরও তিন শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই তিনজনসহ মোট ১১ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ২টা ৫০ মিনিট থেকে আমরণ অনশন শুরু করা ২৪ শিক্ষার্থীর সবাই ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। বাকিদের স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে।

গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু প্রভোস্ট বিরোধী আন্দোলনে গত ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত