অস্ট্রেলিয়ার ৪৪ বছরের প্রতীক্ষার অবসানে আরেক ধাপ এগোলেন বার্টি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৪:৫৪ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনে জয়যাত্রা অব্যাহত রেখেছেন অ্যাশলে বার্টি। নারী এককে আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন এই শীর্ষ বাছাই।

অস্ট্রেলিয়ার ঘরের মেয়ে বার্টি মেলবোর্নে এখন পর্যন্ত এক সেটও হারেননি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করা আনিসিমোভাকে ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে বার্টির সর্বোচ্চ দৌড় ছিল ২০২০ সালের সেমিফাইনাল। দুটি গ্র্যান্ড স্ল্যামের মালিক যদি এবার মেলবোর্ন জয় করতে পারেন তবে দীর্ঘ এক প্রতীক্ষারও অবসান হবে অস্ট্রেলিয়ার।

৪৪ বছর ধরে ঘরের মাটির এই গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে জিততে পারেননি কোনো অস্ট্রেলিয়ান। সেই অপেক্ষার অবসানের অভিযানে বার্টি সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কোয়ার্টার-ফাইনালে পেতে পারেন আমেরিকার জেসিকা পেগুলাকে।

পঞ্চম বাছাই গ্রিসের মারিয়া সাক্কারিকে ৭-৬ (৭-০) ও ৬-৩ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন মেলবোর্ন পার্কের সাবেক কোয়ার্টার-ফাইনালিস্ট পেগুলা।

শেষ আটে নাদাল, আজারেঙ্কার বিদায়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত