কোহলির বিরুদ্ধে জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১২:১৬ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। দেশের জন্য বরাবর নিজের সবটুকু সঁপে দেওয়া কোহলির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠতে শুরু করেছে জাতীয় সংগীতের অবমাননার।

রবিবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সংগীতের সময় কোহলিকে চুইংগাম চিবাতে দেখা যায়। এমন ভিডিও সামনে আসতেই নেটিজেনরা মুণ্ডপাত শুরু করেন কোহলির। এমনকি জাতীয় সংগীতকে অপমান করার জন্য কোহলির শাস্তিও দাবি করছেন ভারতের অনেক ক্রিকেট সমর্থক।

এ ম্যাচে কোহলির বিভিন্ন মেজাজের ছবি ধরা পড়ে। ভারতের ফিল্ডিংয়ের সময় তাকে পুরোনো ক্যাপ্টেন্সির মেজাজে দেখা যায়। ফিল্ডিং সাজানো নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। যদিও শুরুতেই বিতর্কের বারুদে আগুন দিয়ে বসেন।

পরে ব্যাট হাতে ৮৪ বলে ৬৫ রান রানের ইনিংস খেলেন কোহলি। তবে ২৮৮ রান তাড়া করতে নেমে ৪ রানে ম্যাচটা হারে ভারত। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় তাদের। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত