নাটোরের সিংড়ায় জোড়া খুনের মামলায় ৭ জনের সাত বছর করে কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। এ ছাড়া সাজাপ্রাপ্তদের প্রত্যককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ের আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দুপুরের দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের মৌগ্রামে শবে বরাতের রাতে সিন্নি বিতরণকে কেন্দ্র করে আক্কাস আলী ও সিকিম প্রামাণিকের সঙ্গে কুদ্দুস আলীর সমর্থকদের সংঘর্ষ হয়।
কুদ্দুস আলীর সমর্থকদের হামলায় আক্কাস ও সিকিম আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ ২৮ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক সোমবার ৭ জনকে সাত বছর করে কারাদণ্ড ও একজনকে খালাসের আদেশ দেন।
মামলার অপর দুই আসামি মৃত্যুবরণ করেছেন। মামলার রায় পড়ে শোনানোর সময় অভিযুক্তরা আদালতে হাজির ছিল। পরে অভিযুক্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
