পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে গতকাল সোমবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে কামরুজ্জামান সেলিম হাওলাদার (৫০) নামে এক কলেজশিক্ষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত সেলিমকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেলিম নাজিরপুর উপজেলার বেঠাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। আহত সেলিম হাওলাদার বলেন, সোমবার দুপুরে তার চাচাতো ভাই গিয়াস উদ্দিন হাওলাদার ধানক্ষেতের জমি দখল করে আবাদ করছিলেন। এ সময় তিনি বাধা দিলে গিয়াস উদ্দিন লোকজন নিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
