ত্রিশালে দুষ্টু মনির গ্রেপ্তার, এলাকার স্বস্তি ও মিষ্টি বিতরণ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৪:৪৯ পিএম

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসী দুষ্টু মনিরকে গ্রেপ্তার করছে পুলিশ। মনির গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার ত্রিশাল থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদককারবারি ও ডাকাত দুষ্ট মনিরকে গ্রেপ্তার করা হয়।

মনির উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী গ্রামের মৃত সিরাজ উদ্দিন খাঁর ছেলে।

এলাকাবাসী জানান, মনিরের কারণে এলাকাবাসী রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। সে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত ছিল। মনির গ্রেপ্তার হওয়ায় এলাকায় শান্তি বিরাজ করছে। তার কারণে কখন কার গরু, ছাগল চুরি হয় এ নিয়ে এলাকাবাসী সব সময় আতঙ্কে থাকত।

উল্লেখ, দুষ্ট মনিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত শুক্রবার বিকেলে বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী গ্রামের বাসিন্দারা বিক্ষোভ করেছিল। প্রায় শতাধিক লোক মনিরের শাস্তি দাবি করে বিক্ষোভের পাশাপাশি গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধনও করে।

এলাকাবাসীর অভিযোগ, মনির এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়। সে প্রবাসী মকবুল হোসেনের মার্কেট ও জমি দখল করতে ভুয়া দলিল দেখিয়ে ভাঙচুর করে। মকবুলের স্বজনদের হত্যাসহ নানা ধরনের ভয়ভীতিও দেখাচ্ছে বলেও মনিরের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসী। 

বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল জানান, মনিরকে ত্রিশাল থানা-পুলিশ আটক করেছে এতে এলাকায় শান্তি বিরাজ করছে। মনির বিভিন্ন অপরাধে জড়িত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এলাকাটি দুর্গম হওয়ায় তাকে কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছিল না। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী মনিরকে সোমবার রাতে পুলিশ আটক করে। সে একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে চালান দেয়া হয়েছে ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত