বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি। দ্যাট হেজ টু বি ক্লিয়ার। আবারও বলছি, আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি। আমরা লবিস্ট নিয়োগ করেছি- এটা একেবারে সঠিক না।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে আমাদের দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন পরিষ্কার করে বলেছেন যে, বিএনপির পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। এটা পরিষ্কার যে, বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেনি। আশা করি, এ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না।’
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কি মিথ্যা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনার কি মনে হয়? সব মিথ্যা।’
এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে, বিএনপি অনেকগুলো লবিস্ট নিয়োগ করেছে। বিএনপি যে লবিস্ট নিয়োগ করেছে সেটা কিন্তু খুবই অন্যায়। এর মূল উদ্দেশ্যটা দেশের ক্ষতি। আপনার-আমার মধ্যে ঝগড়া থাকতে পারে, কিন্তু আপনার ও আমার ঝগড়া দেশের স্বার্থে কিনা। আওয়ামী লীগ গুড গভর্নেন্সের জন্য এবং দেশের পজিটিভ ইমেজগুলো তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছে।’
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহ জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। গত ১০ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার পর উত্তরার বাসায় আইসোলেশনে ছিলেন মির্জা ফখরুল। করোনামুক্ত হয়ে এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপি মহাসচিব।
