টিকার প্রথম ডোজ পেয়েছে চট্টগ্রামের শতভাগ শিক্ষার্থী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০১:৪৭ এএম

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্কুল-কলেজের শতভাগ শিক্ষার্থীকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ২ মাস ১০ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পৌনে ৯ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী শতভাগ শিক্ষার্থীকে টিকাদানের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ইতিপূর্বে জেলা শিক্ষা অফিস থেকে মহানগর ও জেলা  পর্যায়ের মোট ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জন শিক্ষার্থীকে টিকাদানের একটি চাহিদাপত্র সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। এ তালিকা অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত সিটি করপোরেশন ও ১৫ উপজেলার ১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

সিটি করপোরেশন স্কুল ক্যাম্পেইনের আওতায় শীতাতপ নিয়ন্ত্রিত নির্ধারিত স্কুল ও কমিউনিটি সেন্টারগুলোতে মোট ২ লাখ ৮৯ হাজার ৮৩০ জন শিক্ষার্থী টিকা নিয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৮৪ জন শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে স্কুল ক্যাম্পেইনের আওতায় শীতাতপ নিয়ন্ত্রিত বিভিন্ন কমিউনিটি সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র ও অফিসে একই বয়সী মোট ৫ লাখ ৮২ হাজার ৪২৬ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়।

এ ছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৭ হাজার ৩৩০ জন বন্দিকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ হাজার ১৮ জন বন্দি দ্বিতীয় ডোজ পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত