উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে যারা অর্থ দিয়ে সহায়তা করছেন তারা জামায়াত-শিবির বলে জানিয়েছেন মামলার বাদী সিলেট জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সুজাত আহমেদ লায়েক।
বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, আন্দোলনে যারা অর্থ দিয়ে সহায়তা করছেন তারা জামায়াত-শিবির। আন্দোলনের সবকিছুতেই মনে হয় জামায়াত-শিবিরের হাত আছে। না হলে আন্দোলনকারীদের টাকা দিয়ে সাহায্য করার মানে কী। এই আন্দোলনে টাকা দিয়ে উৎসাহিত করা হচ্ছে।
সচেতন নাগরিক হিসেবে তিনি মামলাটি করেছেন জানিয়ে বলেন, আন্দোলনের বিষয়টি আমার ভালো লাগেনি। তাদের ডাকা হয়েছে কিন্তু তারা বসেনি। আন্দোলনকারীদের টাকা দেওয়াটা অনেক বড় অপরাধ।
তবে, লেখক অধ্যাপক জাফর ইকবালের অর্থ সহায়তা দেয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সহায়তা করায় সাবেক পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার পাঁচজন হলেন- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান স্বপন এবং স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা নূর মুঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ এবং এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।
