দেশে নতুনরূপে বাকশাল কায়েম হয়েছে: মির্জা আব্বাস

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০১:৩৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে আজ নতুনরূপে বাকশাল কায়েম হয়েছে। মানুষ কথা বলতে পারে না। সাংবাদিকেরা লিখলে সাগর-রুনির পরিণতি ভোগ করতে হয়, জেলে যেতে হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে টুটি চেপে ধরে রেখেছে। অনেক সাংবাদিক আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে ‘বাকশাল-গণতন্ত্র হত্যার কালো দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

আব্বাস বলেন, বাকশাল কী জিনিস তা নতুন প্রজন্ম জানে না। সে সময় মায়ের বুকে যুবকেরা ঘুমাতে পারতো না। আওয়ামীলীগ রক্ষীবাহিনী করে ৫০ হাজার যুবককে হত্যা করেছে। এই আওয়ামী লীগ মানেই গণতন্ত্র হত্যা। যখনই এরা ক্ষমতায় আসে তখনই খুন-গুম ও লুটতরাজের স্বর্গ তৈরি করে। লুট করে নেয় বাক্‌স্বাধীনতা।

তিনি বলেন, আওয়ামী লীগ বলছে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে! লবিস্ট কী জিনিস তাই তো আমরা জানতাম না। ১৪ সালে রাতের আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে নানা অপকর্ম ঢাকতে আপনারাই অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করেছিলেন। আপনারা বিরোধী রাজনৈতিক কর্মীদের গুম করছেন। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছেন, ভোটাধিকার কেড়ে নিয়েছেন তা কি বিশ্ব দেখে না?

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের কপাল ভালো। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত আন্দোলন কিছুটা স্তিমিত হয়েছে। জনগণ রাজপথে অলরেডি নেমে গেছে। জনতার স্রোতে ১৪৪ ধারা ভেঙে যাচ্ছে। সংক্রমণ একটু হ্রাস পেলে দেখবেন আন্দোলন কাকে বলে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক  আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক  আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন আলম, জহির উদ্দিন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত