বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের মামলার সাক্ষীকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য করায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি বাসস্ট্যান্ডে সদর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী শহিদুল্লাহ, শেখ তোফাজ্জল হোসেন, হাফেজ ইব্রাহিম, রফিকুল ইসলাম বাবলু, মিজানুর রহমান খোকন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, সদ্য ঘোষিত ভাওয়ালগড় ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে প্রকৃত নেতাদের বঞ্চিত করে অরাজনৈতিক-অদক্ষ শ্রমিক ও যুবদলের সাধারণ কর্মীদের দিয়ে বিএনপির পকেট কমিটি গঠন করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জয়দেবপুর থানার মামলা নম্বর ১০১(১)১৫ এর সাক্ষী ওই ইউনিয়নের মনিপুর গ্রামের হাবিবুর রহমানকে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সদস্য করা হয়েছে।
মামলার সাক্ষী হাবিবুর রহমান জানান, পুলিশ মনগড়া মতো সাক্ষী হিসেবে আমার নাম লিখেছে। আমি সাক্ষ্য দেব না।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব জয়নাল আবেদিন রিজভী বলেন, পুলিশ হাবিবুর রহমানকে সাক্ষী করেছে। সে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেবে না।
