বাউফলে কাউন্সিলর প্রার্থীর উঠান বৈঠকে হামলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২:১৭ এএম

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে নজরুল ইসলাম খান নামে এক কাউন্সিলর প্রার্থীর উঠান বৈঠকে হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাতে ৯ নম্বর ওয়ার্ডের পানির বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলম খান উঠান বৈঠকের আয়োজন করেন। বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠান শেষ হলে ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মামুন আকন তার সমর্থকদের নিয়ে পানির বোতলের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমার উঠান বৈঠক বানচাল করার জন্য ডালিম মার্কার প্রার্থী মামুন আকন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ওপর হামলা চালিয়েছে।’ জানতে চাইলে মামুন আকন বলেন, ‘থানা কিংবা নির্বাচন কমিশন অফিস থেকে কোনো অনুমোদন না নিয়ে তারা উঠান বৈঠক করেছেন।’ নির্বাচন কমিশনে অভিযোগ না করে নিজে কেন বিশৃঙ্খলা করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়রের কাছে জিজ্ঞেস করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত