সাফারি পার্কে আরও এক জেব্রার মৃত্যু, মৃত বেড়ে ১০

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০৫:৫৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের একটি নারী জেব্রার মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকটি অসুস্থ রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। আগের মতোই মুখে লালা ঝরে উচ্চ তাপমাত্রা নিয়ে মারা গেছে এ জেব্রাটি।

শনিবার দুপুরে পার্কের কোর সাফারির আফ্রিকান সাফারিতে জেব্রাটির মৃত্যু হয়।

মারা যাওয়া এ জেব্রাটি নারী বলে নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান।

ধারণা করা হচ্ছে, মারা যাওয়া এ জেব্রাটিও ব্যাকটেরিয়া সংক্রমিত হয়েছিল। এ নিয়ে এক মাসের কম সময়ে পার্কের ১০টি জেব্রার মৃত্যু হলো।  যার সাতটি পুরুষ তিনটি নারী। এর আগে চলতি মাসের ২ তারিখের পরে কয়েক দফায় সাতটি পুরুষ ও দুটি নারী (মাদি) জেব্রার মৃত্যু হয়। পরে মৃত জেব্রাগুলোর শরীরের নমুনা নিয়ে পরীক্ষাগারে দিলে পাঁচ ধরনের ব্যাকটেরিয়ার অস্তিত্ব মিলে।

এ নিয়ে উচ্চ পর্যায়ের ৬ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই জেব্রাটির মৃত্যুর পর মেডিকেল টিমে আরও দুই সদস্যকে নতুন করে যুক্ত করা হয়েছে।

পার্কের একটি বিশ্বস্ত সূত্র জানায়, সকালের পরেই পার্কের কোর সাফারি বেষ্টনীতে অন্য সব প্রাণীদের সঙ্গে ঘোরাফেরা করছিল জেব্রার পাল। দুপুরের একটু আগে একটি জেব্রা আচমকা মাটিতে পড়ে যায়। পরে বেষ্টনীতে কর্মরত লেবার দ্রুত কর্মকর্তাদের জানালে তারা ছুটে আসেন। এ সময় মাটি পড়ে মুখে লালা ঝরছিল অসুস্থ জেব্রাটির। অসুস্থ জেব্রাটির শরীরে উচ্চ তাপমাত্রাও ছিল। কিছুক্ষণ পরেই মারা যায় জেব্রাটি। পরে মৃত জেব্রার শরীর থেকে নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়।

সূত্র জানায়, আরও বেশ কয়েকটি জেব্রাকে দেখে মনে হয়েছে অসুস্থ। একটা বেশ সংকটাপন্ন রয়েছে। যেকোনো সময় মারা যেতে পারে। তবে চিকিৎসা ও পরিচর্যা চলছে জোরেশোরে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পার্কে মেডিকেল টিমের বৈঠক চলছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে। এ নিয়ে তিনটি নারীসহ মোট ১০টি জেব্রা মারা গেল।

তিনি বলেন, বিশেষজ্ঞ মেডিকেল টিমের দেওয়া প্রাণীর স্বাস্থ্য নিরাপত্তায় ১০ নির্দেশনা মতো কাজ শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ। লেকে পানি সরানো, বাইরের ঘাস দেওয়া বন্ধ, আবাসস্থল পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ কাজ চলছে নিয়মিত।

পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বলেন, মারা যাওয়া এ জেব্রাটিও আগের লক্ষণগুলো নিয়ে মারা গেছে। মুখে লালা পড়া, ছটফট করে মাটিতে পড়ে যাওয়া ও উচ্চ তাপমাত্রা ছিলে জেব্রার শরীরে। আগের পাঁচটি ব্যাকটেরিয়া সংক্রমণ ও চারটি বেষ্টনীতে মারামারি করে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। ধারণা করছি, এ নারী জেব্রাটিও ব্যাকটেরিয়া সংক্রমণে মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত