সাফারি পার্কে একদিনে আরও ২টি জেব্রার মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০৯:৩৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি নারী জেব্রার মৃত্যু হয়েছে। এর আগে আজ শনিবার দুপুরে একটি জেব্রার মৃত্যু হয়। এ নিয়ে একমাসেরও কম সময়ে ১১টি জেব্রার মৃত্যু হলো। এ দিকে আরও বেশ কয়েকটি অসুস্থ রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

শনিবার দুপুরে পার্কের কোর সাফারির আফ্রিকান সাফারিতে একটি জেব্রা এবং সন্ধ্যার পরে আরও একটি নারী জেব্রার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান।

উল্লেখ্য, এ নিয়ে এক মাসের কম সময়ে পার্কের ১১টি জেব্রার মৃত্যু হলো। যার সাতটি পুরুষ চারটি নারী। এর আগে চলতি মাসের ২ তারিখের পরে কয়েক দফায় সাতটি পুরুষ ও দুটি নারী (মাদি) জেব্রার মৃত্যু হয়। পরে মৃত জেব্রাগুলোর শরীরের নমুনা নিয়ে পরীক্ষাগারে দিলে পাঁচ ধরনের ব্যাকটেরিয়ার অস্তিত্ব মিলে।

এ নিয়ে উচ্চ পর্যায়ের ৬ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দুপুরে মেডিকেল টিমে আরও দুই সদস্যকে যুক্ত করা হয়েছে।

সূত্র জানায়, আরও বেশ কয়েকটি জেব্রাকে দেখে মনে হয়েছে অসুস্থ। একটা বেশ সংকটাপন্ন রয়েছে। যেকোনো সময় মারা যেতে পারে। তবে চিকিৎসা ও পরিচর্যা চলছে জোরেশোরে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পার্কে মেডিকেল টিমের বৈঠক চলছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে। এ নিয়ে চারটি নারীসহ মোট ১১টি জেব্রা মারা গেল।

তিনি বলেন, বিশেষজ্ঞ মেডিকেল টিমের দেওয়া প্রাণীর স্বাস্থ্য নিরাপত্তায় ১০ নির্দেশনা মতো কাজ শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ। লেকে পানি সরানো, বাইরের ঘাস দেওয়া বন্ধ, আবাসস্থল পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ কাজ চলছে নিয়মিত।

পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বলেন, মারা যাওয়া এ জেব্রাটিও আগের লক্ষণগুলো নিয়ে মারা গেছে।

সাফারি পার্কে আরও এক জেব্রার মৃত্যু, মৃত বেড়ে ১০

×
সর্বশেষ সর্বাধিক পঠিত