সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে শিগগিরই নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে আন্দোলনে নামার পূর্বনির্ধারিত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
গতকাল শনিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য।
গত শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেশ রূপান্তরকে বলেন, ‘গত শুক্রবারের সভায় স্থায়ী কমিটির সদস্যরা তাদের মতামত দিয়েছেন। কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে রাজপথে যারাই থাকবে, তাদের নিয়েই আমরা বৃহত্তর জোট গঠনের চিন্তা করছি।’
এদিকে গতকাল দুপুরে রাজধানীর উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতারা।
