আজ মিচেল স্টার্কের ৩২তম জন্মদিন। জন্মদিনের আগের দিনই পেলেন দারুণ এক সুসংবাদ। প্রথমবারের মতো জিতলেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব ‘অ্যালান বোর্ডার মেডেল।’ এই পুরস্কার জেতা পঞ্চম পেস বোলার স্টার্ক। মাত্র এক ভোটে মিচেল মার্শকে পেছনে ফেলেছেন স্টার্ক। অথচ গেল বছর একটা সময়ে ক্রিকেট খেলতে চাননি স্টার্ক। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাত্র ১১ উইকেট ও আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ৪ ওভারে ৬০ রান দেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এরমধ্যে মারা যান বাবা। ভেঙে পড়া স্টার্ক তাই ক্রিকেট ছাড়ার চিন্তাও করেছিলেন। কিন্তু অ্যাশেজ সিরিজে দারুণভাবে ফিরে আসেন স্টার্ক। নেন ১৯ উইকেট। ২০২১-এর ২৬ জানুয়ারি থেকে গত ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ের পারফরম্যান্সকে বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, আম্পায়ার ও সাংবাদিকদের ভোটে সেরা হন স্টার্ক। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। মিচেল মার্শ হয়েছেন সেরা টি২০ ক্রিকেটার। ট্রাভিস হেড হয়েছেন সেরা টেস্ট খেলোয়াড়।
×
