করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রায় সবখানে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। নিজেদের অসচেতনতার পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা নিতে গিয়েও স্থানীয়রা অনেকটা বাধ্য হচ্ছেন ভিড়ের মধ্যে যেতে। ন্যায্যমূল্যের চালের দোকান, হাসপাতালে টিকা নিতে আসা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নিতে আসা সবাইকে ভিড় ঠেলে সেবা নিতে হচ্ছে।
সরেজমিনে শাহজাদপুর সরকারি মডেল হাইস্কুলে দেখা গেছে, সেখানে ক্যাম্প করে পৌরসভার বাসিন্দাদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ করছে উপজেলা নির্বাচন অফিস। গাদাগাদি করে সবাইকে লাইনে দাঁড়াতে দেখা গেছে। অনেকের মুখেই ছিল না মাস্ক। ১১ দিন ধরেই এভাবে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে।
ষাটোর্ধ্ব আবদুল মালেক খান বলেন, ‘অনেক চেষ্টা করেও ভিড় এড়াতে পারিনি। ভিড় ঠেলেই স্মার্ট কার্ড নিতে হলো।’
উপজেলা নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর মো. আজমীর খান জানান, পৌর এলাকার নাগরিকদের মধ্যে ৪৬ হাজার ৬৪২ জনকে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। ১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৩ লাখ ৮০ হাজার ১১২টি জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চলতি জানুয়ারী মাসের ২৭ তারিখ পর্যন্ত ১৫৪ জন রোগীর করোনা পরীক্ষায় ৬৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার ৪৫ শতাংশ। তাই স্বাস্থ্যবিধি মানা জরুরি।
