সরকারের দুর্যোগ সহনীয় ঘরের পিলার ভেঙে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৫:৫৩ পিএম

গৃহহীনের জন্য সরকার নির্মিত ‘দুর্যোগ সহনীয় ঘর’র পিলার ভেঙে হবিগঞ্জে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘর নির্মাণের তিন বছরের মাথায় ভেঙে পড়ে ঘরটি।

শনিবার সন্ধ্যায় ঘটনাটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাদারিটুলা মহল্লায়। ৮৯ বছরের ওই বৃদ্ধার নাম  শিরাপজান বিবি। তিনি মাদারিটুলা মহল্লার মৃত নেয়াম উল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানান, নেয়াম উল্লাহর ছেলে শরিফ উল্লাহর জায়গা থাকলেও কোনো ঘর ছিল না। ২০১৯ সালে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে সারা দেশে এক লাখ ২৫ হাজার ঘর নির্মাণ করে সরকার। শেষ বয়সে একটি পাকা ঘর পেয়ে অনেক খুশি ছিলেন শিরাপজান বিবি। কিন্তু তিনি জানতেন না স্বপ্নের ঘরেই চাপা পড়ে প্রাণ যাবে তার যাবে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর মিয়া জানান, শনিবার সন্ধ্যায় শিরাপজান বিবি ঘরের বারান্দার একটি পিলারের সঙ্গে হেলান দিয়ে চেয়ারে বসা ছিলেন।  হঠাৎ পিলারটি ভেঙে তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের ছেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে একটি আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, ‘৩ বছর আগে নির্মাণ করা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের একটি ঘরে বাস করতেন বৃদ্ধার পরিবার। তবে তার মৃত্যুর ঘটনাটি আমরা নেহাতই একটি দুর্ঘটনা হিসেবে দেখছি। আপাতত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফনের টাকা দেওয়া হচ্ছে। পরবর্তীতে ওই পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

নিহতের ছেলের মোবাইল নম্বর না পাওয়ায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত