ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে ছাত্রলীগকে প্রস্তুত থাকার আহ্বান

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০২:১৪ এএম

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেÑ এমন দাবি করে তাদের মোকাবিলা করতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। গতকাল রবিবার দুপুরে টিএসসিতে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ঢাকা বিশ^বিদ্যালয়ের সম্মিলিত হল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসেননি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন।

করোনা পরিস্থিতি বিবেচনায় অন্তত এক ডোজ টিকা নেওয়া নেতাকর্মীদের নিয়ে হল শাখা ছাত্রলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ পাঁচ বছর পর হল কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করতে এই সম্মেলন হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মী, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী, পদপ্রত্যাশী নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলন উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত ও ছাত্রলীগের দলীয় সংগীত পরিবেশিত হয় সম্মেলন শেষে বিদ্যমান সব হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলনের প্রথম ধাপ শেষে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তাদের কবর রচনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জাতির পিতার আদর্শকে রক্ষা করতে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের আজকের এই সম্মেলনের শপথ হোক অসাম্প্রদায়িক, উন্নত ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার।

সম্মেলন উদ্বোধন করে সনজিত চন্দ্র দাস বলেন, ‘নানা বাধা প্রতিকূলতার কারণে আমাদের হল সম্মেলন করতে অনেক দেরি হয়েছে। কিন্তু আপনারা ধৈর্যের সঙ্গে ছিলেন, কোনো বিশৃঙ্খল করেন নাই। এ জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।’

প্রধান বক্তার বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, আজকের এই সম্মেলন থেকে আমরা বঙ্গবন্ধুর ত্যাগ, নিষ্ঠা ও সাহসিকতার শিক্ষা গ্রহণ করতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত