কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত নিশান (৩৭) কুমারখালীর ছেউড়িয়া এলাকার সরকারি গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে এবং আহত জনি (৩৮) একই এলাকার জয়নাল মিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোরে চারজন ব্যক্তি চুনিয়াপাড়া গ্রামে পাখিভ্যান চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। স্থানীয় এক ব্যক্তির পাখিভ্যান চুরির চেষ্টাকালে স্থানীয়রা টের পেয়ে চোরদের ধাওয়া করে বলে দাবি তাদের। এ সময় দুজনকে আটক করে স্থানীয়রা এবং আটক ব্যক্তিদের মারধর করে। এতে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়। জনিকে আহত অবস্থায় পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা।
মিরপুর থানার পরিদর্শক শুভ্র প্রকাশ দাস জানান, সোমবার ভোরে উপজেলার চুনিয়াপাড়া গ্রামে দুই ব্যক্তিকে মারধরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
সেখান থেকে নিশান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহতাবস্থায় আরেক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে সেখানে প্রকৃত ঘটনা কী ঘটেছিল তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেনি এবং কাউকে আটক করেনি পুলিশ।
