যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা।
সোমবার সকালে প্রতিমন্ত্রী সচিবালয়ের দপ্তরে যান রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ চমৎকার সম্পর্ক বিরাজ করছে।’
‘ফুটবলসহ অন্যান্য খেলার উন্নয়নে ব্রাজিল ও বাংলাদেশ একযোগে কাজ করছে। আমাদের চারজন তরুণ উদীয়মান খেলোয়াড় ইতিমধ্যে ব্রাজিল থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছে। এ বছর আরো ১১ জন প্রতিভাবান ফুটবলারকে উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে প্রেরণ করা হবে।’
প্রতিমন্ত্রী এ সময় যুব ও ক্রীড়ার উন্নয়নে দুই দেশের মধ্যেকার অভিজ্ঞতা বিনিময়ের প্রতি গুরুত্বারোপ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ব্রাজিলের সাথে ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক সাক্ষরের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।
তিনি দুই দেশের মধ্যে অভিজ্ঞ কোচ ও টেকনিক্যাল ব্যক্তিদের আদান প্রদান ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা যুব ও ক্রীড়ার উন্নয়নে এমওইউসহ ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।
