করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অভিজ্ঞ অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার আজম খান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
আফ্রিদি মঙ্গলবার টিম হোটেলে যোগ দেবেন বলে জানান আজম খান। সেখানেই তার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। ফল নেগেটিভ হলে বৃহস্পতিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবেন আফ্রিদি।
কয়েক দিন আগে করোনা পজিটিভ হওয়ার পর থেকে আইসোলেশনে ছিলেন আফ্রিদি। তাই ২৭ জানুয়ারি শুরু হওয়া পিএসএলে অংশ নিতে পারেননি। রবিবার করোনা নেগেটিভ ফল পেয়েছেন তিনি।
২০২০ সালেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন আফ্রিদি। সে বছর করোনা প্রাদুর্ভাব শুরুর পর সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছিলেন। নিজে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের জনগণকে বিভিন্নভাবে সাহায্য করে গেছেন।
এদিকে শনিবার পিএসএল টেকনিক্যাল কমিটির কাছে আফ্রিদির বদলি হিসেবে হাসান খানকে দেওয়ার জন্য অনুরোধ করে কোয়েটা গ্ল্যাডিয়েটর। সেই আবেদন মঞ্জুরও হয় বলে খবর। মুলতান সুলতানসের বিপক্ষে সোমবার তার স্কোয়াডেও থাকার কথা।
দ্য নিউজকে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের একটি সূত্র জানিয়েছে, আফ্রিদি ফিরলে হাসান বায়ো-বাবলে ফিরে যাবেন।
