পঞ্চগড়ে গত পাঁচ দিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। মঙ্গলবার সকাল নয়টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৭ ডিগ্রি দশমিক ১ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
আজকে তাপমাত্রা কিছুটা বাড়লেও এটি দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল সোমবার একই সময়ে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল এ মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশায় আবৃত থাকছে সবকিছু। জনজীবন জবুথবু হয়ে পড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, আগামী ৩-৪ দিন এখানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়।
বাতাসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ কমছে। গতকাল সোমবার ছিল মৌসুমেরও সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এমন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে আরও কয়েক দিন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, সরকারি-বেসরকারি মিলে জেলায় ৪০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্রের চাহিদা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। আশা করছি খুব শিগগিরই আরও শীতবস্ত্র বরাদ্দ পাওয়া যাবে।
