তামিমের না খেলার সিদ্ধান্ত নিয়ে যা বলছেন মাহমুদউল্লাহ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২ এএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতির কথা জানিয়েছেন তামিম ইকবাল। তবে এরপর যে ফিরবেন তার কোনো নিশ্চয়তা দেননি। ‘প্রয়োজন হলে ফিরবেন’ উল্লেখ করে বলেছেন, ‘আশা করি যারা আছে তারা এত ভালো করবে, আমাকে আর দরকার হবে না।’

চলতি বিপিএল চলাকালেই নিজের এই সিদ্ধান্তের কথা জানান তামিম। যে আসরে আবার ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই তারকা। টি-টোয়েন্টি থেকে বিরতির সিদ্ধান্ত জানানোর পর দিনই যেমন সেঞ্চুরি উপহার দেন।

মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানো ম্যাচেও ৩৫ বলে ৪৬ রান করেন মিনিস্টার গ্রুপ ঢাকার ওপেনার। যে দলকে নেতৃত্ব দিচ্ছেন আবার জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

কিন্তু এক দলে খেললেও তামিমের সঙ্গে তার টি-টোয়েন্টিতে না খেলার সিদ্ধান্ত নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ।

কুমিল্লার বিপক্ষে ৪১ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে ঢাকার জয়ের নায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমার সঙ্গে সেভাবে কথা হয়নি। যেহেতু একটা টুর্নামেন্টের মাঝপথে আছি। আমরা যেটা জানি, বোর্ডের সঙ্গে ওর কথা হয়েছে। আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানাই।’

মাহমুদউল্লাহ আরো বলেন, ‘সে (তামিম) শুধু তার মতটা জানাতে পারে, এটা পুরোপুরি তার মত। ওর ওয়ার্ক লোড কীভাবে সামলাবে, সেটা তার ওপর নির্ভর করছে।’

তবে বিপিএলে তামিম যে খুব ভালো ফর্মে আছেন সেটা উল্লেখ করতে ভোলেননি মাহমুদউল্লাহ।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৬২ রান করেছেন তামিম। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত