কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার রাতে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় দক্ষিণ কোরিয়া।
সুবাদে এ অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পায় তারা।
গত বৃহস্পতিবার ইরান এ অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
সিরিয়ার মাঠে হওয়া ‘এ’ গ্রুপের ম্যাচটিতে দক্ষিণ কোরিয়া দুটি গোলই করেছে দ্বিতীয়ার্ধে। কিম জিন-সুর ও চাং-হুন লক্ষ্যভেদ করেন।
২০০২ আসরের সেমিফাইনালিস্টরা এ নিয়ে টানা দশমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল।
এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি বিশ্বকাপে খেলবে। তৃতীয় হওয়া দুই দল নিজেদের মধ্যে খেলার পর বিজয়ী দল আরেকটি প্লে-অফে লড়বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে।
