রাবিতে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক আটক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাক চালককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সোয়া একটায় নগরীর কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ তাকে আটক করে।

অভিযুক্ত চালকের নাম মো. টিটু (৩৫)। তার বাড়ি কাশিয়াডাঙ্গা থানার বালিয়ায়। তাকে বালিয়ার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। 

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের ভেতরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান চারুকলা অনুষদের শিক্ষার্থী হিমেল। এ ঘটনায় পুরো ক্যাম্পাসে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।

আজ বুধবার বেলা ১১টায় হিমেলের জানাজা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এরপর নাটোরের নিজ বাড়িতে চির নিদ্রায় শায়িত হন হিমেল।

জানাজার আগে উপাচার্য নিহতের পরিবারকে প্রাথমিক অবস্থায় ৫ লাখ টাকার ক্ষতিপূরণ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত