সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবেন রশিদ-মুজিবরা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৭ এএম

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে আফগানিস্তান ক্রিকেট দল। তাই পূর্ব নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে পা রাখবেন রশিদ খানরা।

বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। প্রাথমিকভাবে আফগানদের ১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা ছিল। কিন্তু এখন তারা আসবে ১২ ফেব্রুয়ারি। বিপিএল খেলতে দলটির অনেকে অবশ্য এখন বাংলাদেশে অবস্থান করছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বুধবার সংবাদমাধ্যমকে বলেন, ‘আফগানিস্তান আমাদের একটা অনুরোধ করেছে। তারা একটি কন্ডিশনিং ক্যাম্প করতে চাচ্ছে। এই কন্ডিশনিং ক্যাম্প আমরা সিলেটে আয়োজন করার পরিকল্পনা করেছি। এই মুহূর্তে সম্ভাব্য যে সূচি করা আছে, তাতে আফগানিস্তান দল ঢাকায় আসবে আগামী ১২ ফেব্রুয়ারির দিকে।’

২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। যা আইসিসি সুপার লিগের অংশ। এরপর ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি হবে ২ ও ৪ মার্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত