বাংলাদেশ ও কলকাতায় একইদিনে মুক্তি পেয়েছে অ্যাডভেঞ্চার ড্রামা ঘরানার সিনেমা ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি দেশে আমদানি করেছে শো মোশন লিমিটেড। বিনিময়ে ভারতে গিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান প্রযোজিত সিনেমা ‘ন ডরাই’।
শো মোশন লিমিটেডের মূল প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের জেষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহউদ্দিন আহমেদ জানান, কাকাবাবুর প্রত্যাবর্তন সিনেমাটি প্রদর্শিত হচ্ছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার এবং সনি স্কয়ারে। এছাড়া রাজধানীর ব্লকবাস্টার সিনেমা ও চট্টগ্রামের সিলভারস্ক্রিনেও প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
শো মোশন প্রতিষ্ঠান থেকে এর আগে গোলন্দাজ নামের একটি সিনেমা আমদানি করা হয়েছিল। সেসময় কর্তৃপক্ষ জানিয়েছিল গোলন্দাজ এর বিপরীতে ভারতে পাঠানো হয়েছে ন ডরাই।
মেজবাহ জানান, গোলন্দাজের বিপরীতে ন ডরাই সিনেমা পাঠানো হয়েছে বলা হলেও রপ্তানি করা হয়েছিল প্রেমিক ছেলে নামের সিনেমা। মূলত কাকাবাবুর প্রত্যাবর্তন সিনেমার বিপরীতের পাঠানো হয়েছে ন ডরাই।
প্রসেনজিৎ অভিনীত জনপ্রিয় সিরিজ কাকাবাবু। কাকাবাবুর প্রত্যাবর্তন সিনেমাটি সিরিজের তৃতীয় কিস্তি এবং এটি পরিচালনা করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি।
