সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের নেতা আকবর আলীকে (৪৬) গুলি করে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার সকালে বেলকুচি থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহত আকবর আলীর স্ত্রী হাসি খাতুন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলামকে প্রধান আসামিসহ ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া এ মামলায় আরও অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, নবীদুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যান তালুকদার, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. পথিক, সাংগঠনিক সম্পাদক স্বাধীন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ মোল্লা, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুবলীগকর্মী সুজন ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের লিটন।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকা- সংঘটিত হয়েছে বলে বাদী হাসি খাতুন এজাহারে উল্লেখ করেছেন। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ী বাজারে যুবদল নেতা আকবর আলীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
