বিতর্কের জন্ম দেওয়া নতুন নয় মোহাম্মদ শেহজাদের জন্য। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর খেলতে এসে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। খেলার ফাঁকে মাঠে দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় শেহজাদকে।
এই আফগান উইকেটরক্ষক-ব্যাটার খেলছেন মিনিস্টার ঢাকার হয়ে। শুক্রবার সন্ধ্যায় মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে তার দলের সঙ্গে খেলা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কিন্তু বৃষ্টির হানায় দিনের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হয়ে যায়।
ঢাকা-কুমিল্লা ম্যাচে খানিকের জন্য বৃষ্টি থামলে ম্যাচ কর্মকর্তারা বল মাঠে গড়ানোর ব্যাপারে আলোচনা করছিলেন। তাদের সঙ্গে মাঠে প্রবেশ করেন দুই দলের ক্রিকেটাররাও। এমন সময় মাঠে থাকা শেহজাদকে হুট করে পকেট থেকে ইলেকট্রিক সিগারেট বের করে ধূমপান করতে দেখা যায়।
বিষয়টি লক্ষ্য করে ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও শাহজাদের ওপেনিং সঙ্গী তামিম ইকবাল তাকে বারণ করে ড্রেসিংরুমে ফেরত পাঠান। কিন্তু মুহূর্তেই আফগান ক্রিকেটারের মাঠে ধূমপানের ছবিটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি দৃষ্টি এড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)।
এমন আচরণ ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী বলে উল্লেখ করে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় শেহজাদকে শাস্তি দিয়েছে বোর্ড। তিরস্কারের পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক সতর্কবার্তা।
বিসিবি জানায়, শেহজাদ বোর্ডের কোড অব কন্ডাক্টের ২.২০ ধারা ভঙ্গ করেছেন। তবে ম্যাচ রেফারির করা অভিযোগের ভিত্তিতে তিনি দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
