ইবিতে প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্রলীগ নেতার অনুমোদনে দোকান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ‘বিবাহিত’ ছাত্রলীগ নেতা বিপুল হোসাইন খানের অনুমতিতে নতুন একটি দোকান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, দোকানটি তৈরির বিষয়ে হল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অনুমতি দেয়নি। নতুন দোকানদার ওই ছাত্রলীগ নেতার প্রতিবেশী ও ঘনিষ্ঠজন।

এ বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাহবুবুল আরফিন বলেন, ‘এই বিষয়টির অনুমতি দেওয়া হয়নি। এটা বন্ধ করে দেওয়া হবে।’

এস্টেট অফিস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকান তৈরির ক্ষেত্রে অফিস হতে লিখিত অনুমতি নিতে হয়। এ ছাড়া প্রক্টর ও হল সংশ্লিষ্ট এলাকার ক্ষেত্রে প্রভোস্টের অনুমতি প্রয়োজন হয়। তবে বঙ্গবন্ধু হল সংলগ্ন এলাকায় গত এক সপ্তাহ ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নতুন দোকান তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর শেষ করা ছাত্রলীগ নেতা বিপুলের অনুমতিতে দোকানটি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা বিপুল বলেন, ‘এলাকার গরিব মানুষ; আমার বাড়ির পাশে বাড়ি। কী করে খাবে? মানবিক বিবেচনায় দোকান করে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে দোকানদার রিপন বলেন, ‘আমি এস্টেট অফিসে আবেদন জমা দিয়েছি। তবে তা গ্রহণযোগ্য হয়েছে কিনা জানি না।’

এস্টেট অফিসের প্রধান টিপু সুলতান বলেন, ‘আমার অফিস থেকে কোনো রকম লিখিত ও মৌখিক অনুমতি দেওয়া হয়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে একাধিকবার ফোনো যোগাযোগ করেও পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত