৫২৫ কোটি টাকা ব্যয়ে গণগ্রন্থাগার অধিদপ্তরের সদর দপ্তরের বহুতল ভবন নির্মাণের একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল শনিবার ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২’ উপলক্ষে ঢাকার শাহবাগের গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন ভবনে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক তথ্যপ্রযুক্তির সুযোগ-সুবিধাসংবলিত গণগ্রন্থাগার নির্মাণ করা হবে। আমরা একটি আধুনিক গণগ্রন্থাগার নির্মাণের দ্বারপ্রান্তে রয়েছি। এ লক্ষ্যে শিগগিরই কবি সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনে স্থানান্তর করা হবে।’
গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে গতকাল দেশব্যাপী উদযাপিত হয়েছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২’। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়, ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’।
এর আগে গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গ্রন্থাগার তৈরি করতে পারে জ্ঞানমনস্ক আলোকিত মানুষ; যা টেকসই উন্নয়ন বাস্তবায়নে অপরিহার্য।
