ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাই রফিক উদ্দিন কবিরাজকে (৫৫) গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই জাহাঙ্গীর কবিরাজের (৪০) বিরুদ্ধে।
রবিবার দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক উদ্দিন ওই গ্রামের মৃত শুকুর কবিরাজের বড় ছেলে। আর অভিযুক্ত জাহাঙ্গীর রফিকের আপন ছোট ভাই।
নিহতের স্ত্রী আসমা বেগম জানান, তার ননদ কহিনুরের কাছে দেবর জাহাঙ্গীর কবিরাজ টাকা পায়। সেই পাওনা টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে জাহাঙ্গীর তার বড় ভাই রফিক উদ্দিনকে দোষারোপ করতেন। রবিবার দুপুরে রফিক উদ্দিন হাটে ধান বিক্রির জন্য খালি বস্তা আনতে ননদ কহিনুরের ঘরে যায়। এমন সময় জাহাঙ্গীর তার বড় ভাই রফিক উদ্দিনের গলা টিপে ধরে অজ্ঞান করে ফেলেন। পরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক তানভীর শেখ জানান, হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
