‘বোঝা’ গেইলে তবুও আস্থা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৩ পিএম

দু’দলের অবস্থাই এক বিন্দুতে। সমান ৯ পয়েন্ট, শীর্ষে ওঠার বা থাকার লড়াই। অন্যতম ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের লড়াই দিয়ে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব। কুমিল্লা এখন শীর্ষে আছে রান রেটে এগিয়ে। তবে আজ জিতলেই তাদের টপকে এক নম্বরে উঠবে বরিশাল।

বরিশালের সঙ্গে প্রথম দেখায় জিতেছিল কুমিল্লা। মিরপুরের ওই ম্যাচে ইমরুল কায়েসদের দেওয়া ১৫৯ রানের টার্গেটে নেমে মাত্র ৯৫ রানে অলআউট হয় বরিশাল। সাকিব আল হাসানদের জন্য সেটাই শেষ হার। কুমিল্লা এখন পর্যন্ত হেরেছে মাত্র এক ম্যাচ। দলীয় শক্তির পশাপাশি দু’দলের বোলিংও ভালো। লড়াইটাও হবে সেখানেই। সিলেটের পিচ চট্টগ্রামের মতো রান উর্বরা নয়, বোলাররাই এখানে সুবিধা পেয়েছেন সবশেষ বিসিএল ওয়ানডে ফরম্যাটে। আর এখানেই ক্রিস গেইলকে নিয়ে চিন্তা বরিশালের। এখনো ‘বস সুলভ’ ইনিংস খেলতে পারেননি গেইল। তার জন্য ব্যাটিং অর্ডারে পরিবর্তন হয়েছে সবচেয়ে বেশি। তবে এই গেইল দলের জন্য বোঝা? গতকাল সংবাদ সম্মেলনে বরিশালের কোচিং উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমও অস্বীকার করলেন না ব্যাপারটি, ‘হ্যাঁ, হতে পারে (বোঝা)। কারণ ও যদি রান না করে, ওর কাছ থেকে এরপরে অনেক কিছু পাওয়ার থাকে না আসলে। হয়তো ফিল্ডিংয়ে ওকে কিছুটা লুকিয়ে রাখতে হয়।’ তবে তিনি গেইল বলেই আশা, তার ব্যাট জ্বলে উঠবে- এমন দিনের প্রতীক্ষায় ফাহিম, ‘ওর ওই ক্ষমতা আছে পাঁচ ওভারের মধ্যে খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার, এখনো সেই সামর্থ্য আছে। সেজন্য আমরা এখনো তার ওপর বিশ্বাসটা রাখছি এবং ওই জায়গাটা ওকে ছেড়ে দিয়েছি, যেন পুরোপুরি মনোযোগী হতে পারে ওখানে। আশা করছি, যত সময় যাবে ও আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেবে এবং ভালো করবে।’

শুরুতে তিনে নামা সাকিব নেমেছেন লোয়ার অর্ডারেও। তবে এই পর্বে সাকিবকে ওপরেই খেলানোর কথা জানালেন ফাহিম, ‘সাকিব এক ম্যাচে সাতে ব্যাট করেছে। এখন থেকে ওপরেই খেলবে। বিগ হিটিংয়ের দিক থেকে সে আটকে গিয়েছিল। দেখলাম গত দুই ম্যাচে ভালো করেছে। তাই আবার ওপরে খেলানো হবে ওকে।’

কুমিল্লার হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈনও তাকিয়ে আছেন উইকেটে। নিজেকে আইপিএলের জন্য প্রস্তুত করতে এসেছেন বাংলাদেশে বিপিএল খেলতে। তাই এই কন্ডিশন থেকে যতটা সম্ভব ধারণা নিতে চান। কুমিল্লার সঙ্গে যোগ দিয়ে এক ম্যাচে খুব বেশি কিছু করতে পারেননি মঈন। কয়েকদিন বাংলাদেশে থেকে মানিয়ে নিয়েছেন অনেকটা। গতকাল অনুশীলনটাও ভালো হয়েছে তার। এবার দলের হয়ে অবদান রাখতে চান, ‘আমি এই প্রতিযোগিতায় সেরা ফর্ম নিয়ে আসতে চেয়েছিলাম। বেশ ভালো সময় যাচ্ছে আমার ব্যাটিংয়ে। যেভাবে খেলছি সেজন্য অবশ্যই খুশি। অনুশীলন ভালো হচ্ছে। আশা করছি কাল কিছু রান করব। পাশাপাশি উইকেট নেওয়ার চেষ্টা করব।’

দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নামবে স্বাগতিক সিলেট। ঘরের মাঠে সিলেট তলানিতে থেকে যতটা সম্ভব ওপরে উঠতে চাইবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত