টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাসের চুলার আগুনে পুড়ে বেবী সিদ্দিকী (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের মীর আতোয়ার রহমানের স্ত্রী।
পরিবার সূত্র জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে বেবী সিদ্দিকী তার ভবনের রান্নাঘরের বাইরে পানি পান করছিলেন। হঠাৎ রান্নাঘরে গ্যাসের চুলায় বিস্ফোরণ ঘটে এবং তার শরীরে আগুন লাগে। আশপাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
গোড়াই ইউপি সদস্য আদিল খান তার মৃত্যুর বিষয়টি গতকাল রবিবার নিশ্চিত করেন।
