সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে শীর্ষস্থানে বরিশাল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৬ পিএম

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৩২ হারিয়েছে তারা। সেই সঙ্গে তালিকার শীর্ষস্থানও দখল করল বরিশাল।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিবের ব্যাক টু ব্যাক ফিফটিতে ৫ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় বরিশাল। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২৩ রানে থামে কুমিল্লা।

বরিশালকে দারুণ শুরু এনে দেন ওপেনার মুনিম শাহরিয়ার। তানভীর ইসলামের জোড়া আঘাতে আরেক ওপেনার ক্রিস গেইল (১০) ও নাজমুল হোসেন শান্ত (১) ব্যর্থ হলেও ঝোড়ো ব্যাটিংয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি।

মুনিম ২৫ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৫ রান করে সাজঘরে ফেরেন মঈন আলীর বলে। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন সাকিব। ফিফটির পর ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে মুমিনুল হকের তালুবন্দী হন বরিশাল অধিনায়ক।

সাকিবের ৩৭ বলে ৫০ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ২ ছয়ে। এর আগের ইনিংসেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫০ রানে আউট হয়েছিলেন তিনি। সাকিবের বিদায়ের পর তেমন আর রান তুলতে পারেনি বরিশাল।

হৃদয় ৩৭ বলে করেন অপরাজিত ৩১ ও ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে আসে ১০ রান। ৩ রানে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাকিবের বলে সাজঘরে ফেরেন কুমিল্লার অধিনায়ক-ওপেনার ইমরুল কায়েস (১)। আরেক ওপেনার-উইকেটরক্ষক লিটন দাসও উইকেট উপহার দেন দেশসেরা অলরাউন্ডারকে।

দলের বিপর্যয় সামাল দিতে চেষ্টা করেছিলেন মুমিনুল (৩০)। কিন্তু মাহমুদুল হাসান জয় (৫), মঈন আলী (৬) ও নাহিদুল ইসলামরা (১) ছিলেন আসা-যাওয়ার মাঝে। শেষদিকে করিম জানাতের ১৭, সুমন খানের ৮, তানভীরের ২১*, মোস্তাফিজুর রহমানের ৭* রান কেবল হারের ব্যবধানটুকু কমাতে পেরেছে।

বরিশালের হয়ে ৩ উইকেট নিয়েছেন নাঈম হাসান। দুটি করে উইকেট নিয়েছেন সাকিব ও ব্রাভো। ফিফটি ও ২০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।

এই জয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় কুমিল্লাকে টপকে শীর্ষে উঠেছে বরিশাল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১১। বরিশালের চেয়ে এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে কুমিল্লা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত