প্রায় ১১০০ আসন কমানোর সুপারিশ ঢাবির ভর্তি কমিটির

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৮ পিএম

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে ১ হাজার ৮৫টি আসন কমানোর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) আসন্ন সভায় আলোচনার পর চূড়ান্ত হবে।

অপরিকল্পিতভাবে নতুন নতুন বিভাগ ও ইনস্টিটিউট খোলা এবং একই অনুপাতে অবকাঠামো না বাড়ানোর ফলে সৃষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসনব্যবস্থা ও শ্রেণিকক্ষ থেকে শুরু করে সর্বত্র অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমাতে কর্তৃপক্ষ আসন কমানোর উদ্যোগ নিয়েছে।

বিভাগ ও ইনস্টিটিউটগুলোর মতামতের ভিত্তিতে গত ৫ জানুয়ারি এক বিশেষ সভায় ১ হাজার ১৫টি আসন কমানোর সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।

আসনসংখ্যা পুনর্নির্ধারণের বিষয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভা হয়। উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদস্থ ব্যক্তিরা অংশ নেন৷

সভা শেষে মুহাম্মদ সামাদ জানান, আসনসংখ্যা পুনর্নির্ধারণের বিষয়ে ডিনস কমিটির সভার সুপারিশটি সাধারণ ভর্তি কমিটির সভায় পর্যালোচনা হয়। এরপর সভায় যৌক্তিক আসনসংখ্যা নির্ধারণের বিষয়ে ভর্তি কমিটির সুপারিশ তুলে ধরা হয়।

তিনি বলেন, সুপারিশে ১ হাজার ৮৫টি আসন কমানোর কথা বলা হয়েছে। সুপারিশটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আলোচনার পর চূড়ান্ত হবে। এরপর সিন্ডিকেট তা অনুমোদন করবে।

ঘ ইউনিট বাদ দেওয়ার উদ্যোগ

আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তিপরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান।

অধ্যাপক জিয়া রহমান বলেন, এই ইউনিটের পরীক্ষা না নেওয়ার ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকে সেটির অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে ৪টি ইউনিটের (ক, খ, গ, চ) অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে আলোচনা করা হয়। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিট পরিবর্তনের নীতিমালা প্রণয়নের জন্য ডিনস্ সাব কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর ঢাবির ডিনস কমিটির এক সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ‘ঘ’ ইউনিটের জন্য আলাদা ভর্তি পরীক্ষা আয়োজন না করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ওই সভায় উচ্চমাধ্যমিকে শিক্ষার্থীরা যে তিন ধারায় (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পড়াশোনা করেন তার আলোকেই ভর্তি পরীক্ষার তিনটি ইউনিট করার কথা তোলা হয়েছিল৷

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত