রোনালদোকে সাথে নিয়ে পিএসজিতে যোগ দিতে চান জিদান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৮ পিএম

আসছে গ্রীষ্মে মাউরিসিও পচেত্তিনো দায়িত্ব ছাড়লে জিনেদিন জিদান পিএসজির কোচ হিসেবে যোগ দেবেন বলে খবর। আর এ ক্ষেত্রে ফ্রেঞ্চ কোচ তার ‘প্রিয় শিষ্য’ ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়েই প্যারিসের ক্লাবটিতে যোগ দিতে চান।

জিদান ও রোনালদো একসঙ্গে রিয়াল মাদ্রিদে কাজ করেছেন। লস ব্লাঙ্কোসদের হয়ে তারা একসঙ্গে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। দুজনের সম্পর্কটাও বেশ মধুর।

ডেইলি মিররের খবর অনুসারে, আসছে গ্রীষ্মে পিএসজিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি জিদান। সেই সঙ্গে ক্লাবটির প্রতি তার প্রথম অনুরোধ রোনালদোকে নিয়ে আসা। পর্তুগিজ তারকা গত মৌসুমে জুভেন্তাস ছেড়ে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

অতীতে পিএসজিও রোনালদোকে দলে ভেড়ানোর চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়। তবে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে এখন যা খবর, তাতে পার্ক দেস প্রিন্সেসে লিওনেল মেসি ও নেইমারের পাশে খেলার সম্ভাবনার সদ্ব্যবহার করতে বদ্ধপরিকর রোনালদো নিজেও।

তবে সবকিছুর আগে পচেত্তিনোর ভবিষ্যৎ এখানে মুখ্য। এই আর্জেন্টাইন কোচকে চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব দিতে চান স্যার অ্যালেক্স ফার্গুসন।

উলে গুনার সুলশারের ছাঁটাই হওয়ার পর রালফ রাংনিক ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পান। কিন্তু দলের বাজে ফল ও হতাশার পারফরম্যান্সের জন্য তার চুক্তি স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম।

আরো পড়ুন

কোচের বিরুদ্ধে ইউনাইটেড ড্রেসিং রুমে বিদ্রোহ!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত