ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশে ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এর পরদিনই হবে ছবিটির যুক্তরাষ্ট্র প্রিমিয়ার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড জানায়, ১২ ফেব্রুয়ারি নিউইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির প্রিমিয়ার হতে যাচ্ছে।
এ ছবিতে প্রথমবারের মতো জুটি হয়েছে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।
বিষয়টি নিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, প্রতিটি চলচ্চিত্রই আমরা বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে রিলিজ করে থাকি। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ও আমরা প্রথমে আমেরিকায় প্রিমিয়ার করতে যাচ্ছি। তারপর পর্যায়ক্রমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে শো করবো। আশা করছি দর্শকেরা ভালো উপভোগ করবেন।
রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অন্যান্যদের মধ্যে আছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা ও চিকন আলী। গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।
