লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় অনুপ্রবেশের দায়ে রহিম মিয়া (২৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ সময় আটক ভারতীয় নাগরিকের কাছ থেকে ১৫’শ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ভারতীয় ওই নাগরিককে আটক করেন জাওরানী ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটক রহিম মিয়া ভারতের কোচবিহার জেলায় শীতলকুচি থানার গিদালদা গ্রামের সুখ লাল মিয়ার ছেলে।
হাতীবান্ধা উপজেলার জাওরানী ১৫ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জহুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯০৯নং মেইন পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় প্রবেশ করলে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার কারণে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কথা স্বীকার করেছেন। তাকে হাতীবান্ধা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল ইসলাম বলেন, ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।
