ফুটবল ভক্তদের চোখ এখন আগামী মঙ্গলবার হতে যাওয়া পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচের দিকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটিতে হয়তো আক্রমণভাগে সেরা ত্রয়ীকে পাচ্ছেন না পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। কারণ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখনো ইনজুরি থেকে সেরে উঠেননি।
এ সপ্তাহে অবশ্য নেইমারের অনুশীলনে ফেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। তবে ফরাসি দৈনিক লেকিপ জানাচ্ছে, শুক্রবার রাতে লিগ ওয়ানে রেনেসের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের।
ফলে এই ম্যাচটির মাত্র কয়েক দিন পর রিয়ালের বিপক্ষে নেইমারের মাঠে নামার সম্ভাবনা খুব কম। কারণ ইনজুরির কারণে নভেম্বর থেকে কোনো ম্যাচের মধ্যে নেই তিনি। সে ক্ষেত্রে নেইমারের জায়গা হতে পারে বেঞ্চে।
এদিকে চোটের সঙ্গে সখ্যতা গড়ে ওঠা সার্জিও রামোসও তার সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে পারবেন না বলেই মনে হচ্ছে। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের ম্যাচটাই হয়তো এখন লক্ষ্য তার।
পিএসজি কোচ পচেত্তিনোকে নজর রাখতে হচ্ছে অ্যাঙ্গেল ডি মারিয়ার দিকেও। গত রবিবার লিলের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান তিনি। যেকারণে রেনেসের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
