রণবীরের সঙ্গে স্বভাব-চরিত্রে বিরাট ফারাক আমার: দীপিকা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৫ পিএম

স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তার চরিত্রগত ও স্বভাবগত বৈশিষ্ট্যের যে বিরাট ফারাক রয়েছে, তা নিজেই এবার স্বীকার করলেন দীপিকা পাড়ুকোন। তবে শুধু তিনিই নন, তার গোটা পরিবারের সঙ্গেও এই ব্যাপারে বেশ পার্থক্য রয়েছে রণবীরের।

সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, রণবীর যেমন দারুণভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন, অনায়াসে বিপরীত দিকে থাকা মানুষটির সঙ্গে কথা বলতে বলতে তাকে জড়িয়ে ধরেন, সেসব একেবারেই আসে না তার। বরং তার পরিবারের সদস্যদের অনেক সময় নিজের মনের কথা প্রকাশ করতে বেশ অসুবিধেই হয়। ঠিকঠাক নিজের মনের ভাব প্রকাশ করে উঠতে পারেন না তারা।

এখানেই না থেমে এই বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বেশ কিছু কথা বলেন এই বলিউড দিভা। দীপিকার কথায়, ‘রণবীরের মধ্যে কোথাও একজন চিয়ারলিডার লুকিয়ে থাকে সবসময়। অবশ্য ওর এই উচ্ছ্বাস, ব্যক্তিত্বের জন্যই ক্যারিয়ার এবং জীবনে নানান সাহসী সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। আমি বা আমার বাবা, মা, বোন সবাই প্রত্যেকেই অত্যন্ত আবেগপ্রবণ। শুধু হয়ত ঠিকঠাক প্রকাশ করে উঠতে পারি না। আর সেখানে রণবীর চুমু খেয়ে, জড়িয়ে ধরে মাতিয়ে রাখে’।

কথাশেষে রণবীর সিং অভিনীত ছবির প্রসঙ্গ উঠলে কোনও দ্বিরুক্তি না করে দীপিকা জানান তার কাছে রণবীরের সেরা ছবি ‘ব্যান্ড বাজা বারাত’। যদিও তার দাবি, স্বামীর সবকটি ছবিই তিনি দেখেছেন। ‘লুটেরা’, ‘গাল্লি বয়’- ছবি হিসেবে দারুণ এবং রণবীরের পারফর্মেন্সও নজরকাড়া। তবু ‘ব্যান্ড বাজা বারাত’-ই তার সবথেকে প্রিয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত