পুলিশের কাছ থেকে আদালত এলাকায় হত্যা মামলার আসামির পলায়ন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৩ পিএম

দিনাজপুরে আদালতে হাজিরা দিতে কারাগার থেকে নিয়ে আসা হত্যা মামলার এক আসামি পুলিশের কাছ থেকে পালিয়েছে। পালিয়ে যাওয়ার সময় ওই আসামির হাতকড়া পরানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ওই আসামির নাম লুৎফর রহমান (৩৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকার বাসিন্দা।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক কার্যালয় সূত্রে জানা গেছে, হাজিরা দেয়ার জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানে করে ৪৭ জন আসামিকে আদালতে নিয়ে আসা হয়। সেখানে অন্য আসামিদের সঙ্গে লুৎফর রহমান ছিলেন এবং আসামিদের আদালত পুলিশ বুঝে নেন। আদালতের কার্যক্রম শুরু হলে এজলাসে ডাক পড়লে দুই পুলিশ সদস্য আসামি লুৎফর রহমানকে সদর আমলি আদালত-১ এ নিয়ে যাওয়ার সময় কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যান।

জানা গেছে, ওই আসামির হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। সন্ধ্যা পর্যন্ত আদালত চত্বরসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও আসামি লুৎফর রহমানের সন্ধান পায়নি পুলিশ।

আদালত পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ মে আউলিয়াপুর এলাকায় হত্যার শিকার হন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। এই ঘটনায় আরিফুলের বাবা ওহাবউদ্দিন লুৎফর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ লুৎফরসহ ৫ আসামিকে গ্রেপ্তার করে। গত ৬ মাস আগে পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক জাহিদ হাসান।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে কারাগার থেকে আদালতে আনার পর হিসাব মিলিয়ে রাখা হয়। সেখান থেকে আসামিদের বিভিন্ন আদালতে নেয়া হয়। এরই মধ্যে দুপুরে একজন আসামি এজলাসে হাজির হয়নি জানতে পারি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই আসামি কোর্ট হাজতেও নেই। সন্ধ্যার পর জানতে পারি ওই আসামির নাম লুৎফর রহমান এবং তিনি এখনো অনুপস্থিত।

পুলিশ ইতিমধ্যে আদালত চত্বরসহ বিভিন্ন জায়গায় তার খোঁজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত