গীতিকবি ও জ্যোতিষ কাওসার আহমেদ চৌধুরী আইসিইউতে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২১ পিএম

খ্যাতিমান গীতিকবি ও জ্যোতিষ কাওসার আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানা যায়।

শুক্রবার বিকেলে কাওসার আহমেদ চৌধুরীর ছেলে প্রতীক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। শারীরিক নানা জটিলতা নিয়ে তিনি বেশ কিছু দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতীক বলেন, ‘বাবার অবস্থা খুব একটা ভালো না। ২ ব্যাগ রক্তের প্রয়োজন ছিল, ১ ব্যাগ পাওয়া গেছে। আগামীতে কী হবে কিছুই বুঝতে পারছি না। কয়েকদিন ধরে বাবা হাসপাতালে চিকিৎসাধীন।’

তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চান।

কাওসার আহমেদ চৌধুরী লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- আমায় ডেকো না, কবিতা পড়ার প্রহর এসেছে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, যেখানে সীমান্ত তোমার। মূলত আধুনিক গান লিখলেও ব্যান্ড সংগীতেও আছে কাওসার আহমেদ চৌধুরীর কালজয়ী কিছু গান। এর মধ্যে উল্লেখযোগ্য ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১, ২ ও এলআরবির রুপালি গিটার ফেলে।

জ্যোতিষী হিসেবেও তিনি অনেকের কাছে বেশ আস্থাভাজন। গণমাধ্যমে প্রকাশিত তার রাশিফল বেশ পাঠকপ্রিয়।

কাওসার আহমেদ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা, কবি, চিত্রশিল্পী, চিত্রনাট্যকারও। এ ছাড়া বিজ্ঞাপন নির্মাণেরও কাজ করেছেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত